বাংলাদেশে কার্যক্রম শুরু করলো ভিএসওয়ান

১২ ফেব্রুয়ারি, ২০২০ ০৯:৩২  
আইএফএস'র সাথে যৌথ অংশীদারিত্বে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে সফটওয়্যার ডেভলপমেন্ট, ডেটা সেন্টার ও এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) বিষয়ে সেবা ও সমাধান প্রদানে প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান ভিএসওয়ান। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এ যৌথ অংশীদারিত্বের ঘোষণা দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিএসওয়ান বাংলাদেশের সিইও জাহিদ খান, আইএফএস সাউথ এশিয়ার এমডি অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট সিরাজ লাই, ভিএসআইএস’র এমডি অ্যান্ড সিইও প্রিয়াঙ্কা গুনাসেকারা, ভিএসওয়ান ওয়ার্ল্ড’র গ্লোবাল অপারেশনের জিএম ওয়াজিরা ওয়ানিগাসেকারা, ভিএসওয়ান ওয়ার্ল্ড’র চিফ টেকনোলোজি অফিসার ডেনিয়াল আনাথান এবং ভিএসওয়ান বাংলাদেশের হেড অব এন্টারপ্রাইজ বিজনেস সুরেশ নান্দাগোপাল। এই অংশীদারিত্ব বাংলাদেশে নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টির পাশাপাশি আইসিটি উন্নয়নে আন্তর্জাতিক মাত্রা যোগ করবে বলে মনে করছেন উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট উদ্যোক্তারা।